ছবির ক্যাপশন:
ভোটকে সামনে রেখে চলছে নানা ভাঙাগড়া
দর্শনা অফিস:
আগামী ৯ মার্চ দর্শনা কেরু চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ভোটকে সামনে রেখে চলছে নানা ভাঙাগড়া। এক শ্রমিক সংগঠন আর এক শ্রমিক সংগঠনের সাথে ঐক্য করাসহ ভোটে জেতার জন্য সংগঠনগুলোর মধ্যে চলছে ভিন্ন ভিন্ন কৌশল। শ্রমিক ও কর্মচারী ভোটারদের তুষ্ট করতে নানা কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। ১৩টি পদের অনুকুলে প্রায় ৩৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার কথা শুনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কতজন প্রার্থী ভোটে অংশ নিচ্ছে, তা এখন সময়ের অপেক্ষায় থাকতে হবে।
গত নির্বাচনে তৈয়ব সংগঠন ও মাসুদুর রহমান সংগঠনের মধ্যে যে ঐক্য করা হয়েছিল, তা এবারও ওই ঐক্য ঠিক রেখে নির্বাচনে অংশ নিচ্ছে সংগঠন দুটি। অপরদিকে মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম প্রিন্স ও ফিরোজ আহম্মেদ সবুজসহ তিন সংগঠন এবারের নির্বাচন ঐক্য প্যানেল করে কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনে অংশ নিচ্ছেন বলে সিদ্ধান্ত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ তিন সংগঠন ফিরোজ আহম্মেদ সবুজকে সভাপতি ও মনিরুল ইসলাম প্রিন্সকে সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজুর রহমানকে সহসভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে কেরুজ ক্লাব মাঠ থেকে এক মিছিল বের করেন। মিছিলটি কেরু চত্বর ঘুরে ক্লাব মাঠে এসে শেষ হয়। এ সময় সাবেক সভাপতি আজিজুল হক, মনিরুল ইসলাম প্রিন্স, মোস্তাফিজুর রহমান ও ফিরোজ আহম্মেদ সবুজ মিছিলে অংশগ্রহনকারী শ্রমিকদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে নিজ নিজ সংগঠনে ফিরে যান।
অপরদিকে, তৈয়ব আলী ও মাসুদুর রহমান তাদের নিজ নিজ সংগঠনের মিছিল শেষে শ্রমিক ও কর্মচারীদের নিয়ে ভোট সম্পর্কে নানা ধরণের দিকনির্দেশনা দেন। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল শুক্রবার সকাল ১০টায় ইউনিয়ন কার্যালয় খসড়া ভোটার তালিকা নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়। আজ শনিবার সকাল ১০টায় চুড়ান্ত ভোটার তালিকা নোটিশ বোর্ড ঝুলিয়ে দেওয়া হবে বলে নির্বাচন কমিশনের সদস্য আকরাম হোসেন শিকদার জানান।
