ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে পৃথকভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। জেলার ৩ উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৯ জন প্রার্থীর মধ্যে ২৯ জনেরই মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে, জাসদ (স্বতন্ত্র) নুরু-উছ সাফা প্লাাবন সদর উপজেলা চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। অপরদিকে, মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসের প্রার্থীতা বৈধ ঘোষণা হওয়ায় তিনিও বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। কারণ ওই উপজেলায় তিনি ছাড়া চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। এদিকে, গাংনী উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ হয়েছে বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন। আগামী ২৪ মার্চ মেহেরপুর জেলার ৩টি উপজেলার নির্বাচন সম্পন্ন হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
