ছবির ক্যাপশন:
জীবননগরে ভূমি উন্নয়ন কর মেলার সমাপনী অনুষ্ঠানে ডিসি গোপাল চন্দ্র দাস
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর। সে কারণেই বর্তমান প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে দেশকে দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সে ক্ষেত্রে আমরা চুয়াডাঙ্গা জেলার প্রতিটি উপজেলায় দেশের মধ্যে প্রথম ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করেছি। এই মেলার মধ্য দিয়ে এ উপজেলার প্রজাগণ স্বল্প সময়ে তাদের জমির কর দিতে পারবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি কোন প্রজা তাদের ভূমি অফিসে কর প্রদান করতে অনিয়ম ও দুর্নীতি প্রলোভন পান, তা হলে আমাকে জানালেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীবননগর প্রেসক্লাবের সম্পাদক এমআর বাবু, সাংবাদিক সালাউদ্দীন কাজল, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম নান্নু, জীবননগর দলিল লেখক সমিতির সভাপতি নূর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ভূমি উন্নয়ন কর মেলায় সর্বোচ্চ করদাতা ও কর দাতা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
