ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র সুইট হোটেলের পরিত্যক্ত পুকুর থেকে গতকাল রোববার দুপুরে একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারকৃত লাশের কোন পরিচয় মেলেনি। রোববার সকালে দুর্গন্ধ ছড়ালে পুকুরের মালিক পুলিশকে খবর দেয়। শহরের মানুষ দলে দলে লাশটি দেখার জন্য পুকুরের পাশে ভীড় করতে থাকে। দুপুর দেড়টার দিকে পুলিশ গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, অজ্ঞাত ব্যক্তিটি ১০/১৫ দিন আগে মৃত্যু হতে পারে। তিনি বলেন পরিত্যক্ত পুকুরে যেহেতু লাশটি পাওয়া গেছে সেহেতু মৃত্যু নিয়ে আমরা সন্দেহ করতে পারি। ময়না তদন্তের পর জানা যাবে তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কারণে মৃত্যু হয়েছে। এদিকে শহরের একেবারেই প্রাণকেন্দ্র মৃতদেহটি ১০/১৫ দিন ধরে ভেসে বেড়ালেও কারো নজরে না পড়ার বিষয়টিও রহস্যজনক।
