ছবির ক্যাপশন:
আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের আয়োজনে ভোগাইল বগাদী সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে আলমডাঙ্গা ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল বগাদী সমিতি চত্বরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাষক গোপাল চন্দ্র দাস।
জেলা প্রশাসক বলেন, এই প্রকল্পটি প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্পের অন্যতম প্রকল্প। গ্রামের মহিলাদেরকে সমিতির মাধ্যমে একত্রিত করে সঞ্চয় ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। আপনারা ক্ষুদ্র ঋণ নিয়ে সমিতির মাধ্যমে হাঁস-মুরগী, ছাগল ও গরু পালন করতে পারেন। নিজের স্বাবলম্বী হলে সংসারে আপনাদেরও সম্মান বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি, ভাংবাড়ীয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমীন খুশি। ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রাকিবুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা সমন্বয়কারী রুহুল আমীন, ফিল্ড সুপারভাইজার নাসরুল আলম, মাঠ সহকারী আকরাম হোসেন, ব্যবস্থাপক নিজাত আশরাফি সোহান, সমিতির সভাপতি রসেনা খাতুন প্রমুখ।
