চুয়াডাঙ্গায় আন্ত:ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনকালে ছেলুন জোয়ার্দ্দার এমপি

আপলোড তারিখঃ 2019-02-16 ইং
চুয়াডাঙ্গায় আন্ত:ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনকালে ছেলুন জোয়ার্দ্দার এমপি ছবির ক্যাপশন:
ভালো ভালো খেলোয়াড় সব মাঠ থেকে হারিয়ে গেছে এসএম শাফায়েত: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, ‘আমি কিন্তু মাঠের লোক। টানা ১৮ বছর আমি জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারির দায়িত্বপালন করেছি। ওই সময় চুয়াডাঙ্গা জেলায় ফুটবলের স্বর্ণযুগ ছিলো। দেশের এমন কোন জায়গা নেই যেখানে আমরা খেলা করিনি। আর এখন ফুটবল খেলার জন্য এখন ১১ জন খেলোয়াড় খুঁজে পাওয়া যায় না। ভালো ভালো খেলোয়াড় সব মাঠ থেকে হারিয়ে গেছে। দুঃখজনক এ পরিস্থিতি নিরসনে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। ভালো খেলোয়াড় তৈরিতে নানামুখী উদ্যোগ নিতে হবে।’ আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার আয়োজনের সফলতা কামনা করে তিনি বলেন, ‘৩৮টি ইউনিয়নের ২৩টি দল নিয়ে এখানে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। আমি চাই- এই ২৩টি দল থেকে প্রতি খেলায় দু’একজন করে ভালো খেলোয়াড় চিহ্নিত করতে হবে। প্রতিযোগিতা শেষে সবমিলিয়ে অন্তত ৩০জনকে বাছাই করে স্পেশাল ক্যাম্পের মাধ্যমে তাদের নিয়ে জেলা ক্রীড়া সংস্থার একটি দল গঠন করা হবে।’ গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম (পুরাতন) মাঠে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, লাল তীর সীড লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) ড. মাহবুব রশীদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু। খেলার ধারাভাষ্যে ছিলেন ইসলাম রকিব ও হাফিজুর রহমান। আয়োজকরা জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করতে এ আয়োজন করা হয়েছে। জেলার ৩৮টি ইউনিয়নের মধ্যে ২৩টি ইউনিয়ন ফুটবল দলের অংশ গ্রহণে নকআউট ভিত্তিক আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এ আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থা। আগামী ১০মার্চ পর্যন্ত জেলার পুরাতন স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা হবে। এ প্রতিযোগিতায় পৌরসভার অর্ন্তগত ও বহিরাগত কোন খেলোয়াড় ইউনিয়ন একাদশে অংশ নিতে পারবে না। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন ও জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন ফুটবল একাদশ। ৯০ মিনিটের খেলার প্রথমার্ধে উথলী ফুটবল একাদশ এগিয়ে যায় দলের স্ট্রাইকার আজমল হক নয়নের গোলে। তবে দ্বিতীয়ার্ধে কালিদাসপুর একাদশের তরুণের পা থেকে দ্বিতীয় গোল আসার পর ১-১ গোলে সমতা নিয়ে শেষ হয় নির্দিষ্ট সময়ের খেলা। তবে নকআউট ভিত্তিক খেলা হওয়ায় আয়োজক ও রেফারির সিদ্ধান্তে খেলা গড়ায় ট্রাইবেকারে। ফলাফল নির্ধারণে উভয়দল ৫টি করে শট নেয়ার সুযোগ পায়। সেখানে উথলী একাদশ ৫টি শটে ৩টি গোল করে। প্রতিপক্ষ কালিদাসপুর একাদশ ৫টি শটে ৪টি গোল করে জয় ছিনিয়ে নেয়। ফলাফল কালিদাসপুর ইউনিয়ন একাদশ ১ (৪) ও উথলী ইউনিয়ন একাদশ ১ (৩)। এদিকে, আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় পুরাতন স্টেডিয়াম মাঠে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন ও সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)