প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের শাহাপুর ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ বোতল ফেন্সিডিল, একটি কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে। গত শনিবার বিকেলে সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে কনটেক কন্সট্রাকশন মিলস লি. এর সামনে অবস্থানকালে জীবননগর থানার ওসি শেখ গনি মিয়ার নিদের্শে গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর ক্যাম্প পুলিশ অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, মনোহরপুর ইউনিয়নের মানিকপুর দোহাপাড়ার জামাত আলী মিয়ার ছেলে লিটন হোসেন ওরফে শাকিলের (৩২) দেহ তল্লাশী করে জ্যাকেটের পকেট থেকে ২ বোতল ফেন্সিডিল, একটি কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে। অভিযান পরিচালনা করেন শাহাপুর পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই মশফিকুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে মশফিকুজ্জামান বাদি হয়ে মাদকদ্রব্য আইনে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।
