আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সির হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে নাগদাহ গ্রাম থেকে জনৈক একজন ফোন করে থানার ওসিকে জানান, নাগদাহ দক্ষিণপাড়ায় একটি বাল্যবিয়ে হচ্ছে। ওসি আসাদুজ্জামান মুন্সি মেয়ের নাম, পিতার নাম জেনে ঘোলদাড়ী ফাঁড়ি পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছালে নাগদাহ দক্ষিণপাড়ার বেল্টু মিয়ার ১৫ বছরের কন্যার বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ ঘটনায় আলমডাঙ্গাবাসী আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সিকে সাধুবাদ জানিয়েছে। জানা গেছে, ফাঁড়ি পুলিশের আইসি বেল্টু মিয়ার বাড়িতে পৌছালে বরসহ বরযাত্রীরা ঘটনাস্থল থেকে কেউ ভৌঁ-দোড় দিয়ে, আবার কেউ কৌশলে পালিয়ে যায়। ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় নবম শ্রেণির ওই ছাত্রী।
