ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার দর্শনা পৌর এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু হবে আগামীকাল রোববার। দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা (অ.দা.) কামরুল হাসান বলেছেন, আগামীকাল ১০ ফেব্রুয়ারী রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্মার্টকার্ড বিতরণ করা হবে। তবে বিধি মোতাবেক স্মার্টকার্ড গ্রহনকারীদের অবশ্যই আগের এনআইডি কার্ড সঙ্গে আনতে হবে। কারণ ওই পূর্বের এনআইডি কার্ড জমা দিতে হবে। যারা এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন তাদের সোনালী ব্যাংকে ৩৬৮ টাকা জমা দিতে হবে। এ ছাড়া যাদের এনআইডি কার্ড হয়নি তাদের স্লিপকার্ড জমা দিতে হবে। যারা স্লিপকার্ড হারিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে টাকা জমা দেয়া লাগবে না।
তিনি আরও জানান, সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নারীদের এবং দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরুষদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। প্রথম দিনে অর্থাৎ আগামীকাল রোববার পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর ১নং ওয়ার্ড এবং আজিমপুর ২নং ওয়ার্ডের নারী-পুরুষের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে। ১১ ফেব্রুয়ারি সোমবার একইভাবে কেরুজ মিলপাড়া ২নং ওয়ার্ড, দক্ষিণ চাঁদপুর ২নং ওয়ার্ড এবং আজমপুর ৩নং ওয়ার্ড, ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার মোবারকপাড়া, ৪নং ওয়ার্ড, শান্তিপাড়া ও রেলকলোনী, আনোয়ারপুর (হঠাৎপাড়া) এবং কেরুজ মিলপাড়া ৩নং ওয়ার্ড, ১৩ ফেব্রুয়ারী বুধবার কলেজপাড়া, ৫নং ওয়ার্ড, পরানপুর, মোবারকপাড়া ৫নং ওয়ার্ড, রিফিউজি কলোনী ও কাস্টম্স কলোনী এবং কালিদাসপুর, ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলেজপাড়া, ৬নং ওয়ার্ড, রামনগর, ইসলামবাজার এবং পুরাতন বাজার, ১৫ ফেব্রুয়ারি শুক্রবার ঈশ্বরচন্দ্রপুর ও থানাপাড়া এবং ১৬ ফেব্রুয়ারি শনিবার শ্যামপুর ও জয়নগর ৮নং ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
উল্লেখ, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে দামুড়হুদা উপজেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
