ছবির ক্যাপশন:
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দীনের দাফন সম্পন্ন প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার সময় যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে যতারপুর কবরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম, মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) আব্দুল জলিল বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন বিশ্বাসের মরদেহ জতীয় পতাকা দিয়ে আচ্ছাদন করেন। পরে মুজিবনগর থানার (ওসি) আব্দুল হাশেমের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খাঁনসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয়রা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, মুজিবনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন বিশ্বাস গত বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। আলাউদ্দীন বিশ্বাস মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের মৃত আত্তাব বিশ্বাসের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
