চুয়াডাঙ্গায় দু’হাজার পিস ইয়াবাসহ আটক মাদকব্যবসায়ী সজিব কারাগারে

আপলোড তারিখঃ 2019-01-30 ইং
চুয়াডাঙ্গায় দু’হাজার পিস ইয়াবাসহ আটক মাদকব্যবসায়ী সজিব কারাগারে ছবির ক্যাপশন:
আনাগোনা কমেছে মাদকসেবীদের : সহযোগিদের গা’ঢাকা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড় থেকে দু’হাজার পিস ইয়াবাসহ আটক মাদকব্যবসায়ী সজীবকে (২৮) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সদর থানা থেকে আদালতে নেয়া হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেয়া হয়েছে। এদিকে, গতকাল মঙ্গলবার সারাদিন শহরের বেশ কয়েকটি মাদকস্পট ও তৎসংলগ্ন এলাকায় ঘুরে ভিন্নতা চোখে পড়েছে। আনাগোনা কমেছে ছোট-বড় মাদকব্যবসায়ী, চালান সরবরাহকারী ও সেবনকারীদের। ধারণা করা হচ্ছে দৌলৎদিয়াড় মাঝেরপাড়া থেকে ইয়াবার বড় চালানসহ মাদকব্যবসায়ী সজিব আটক ও তার সঙ্গে চক্রের গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে চলে যাওয়ার কারণে গা’ঢাকা দিয়েছে তারা। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কলিমুল্লাহ জানিয়েছেন, ইয়াবার বড় চালানসহ আটক সজিবকে জিজ্ঞাসাবাদে মাদকব্যবসায়ীদের ব্যাপারে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তার সহযোগিদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ সদস্যরা। শিঘ্রই মাদক নিমূর্লে সুসংবাদ পেতে পারে চুয়াডাঙ্গাবাসী। গোপনসূত্রের খবর, মাদকব্যবসায়ী সজিব চুয়াডাঙ্গা পৌর শহরের জ্বীনতলা মল্লিকপাড়ার মৃত ইকরামুল হকের ছেলে। এরআগেও সে বেশ কয়েকবার ছোট-বড় চালানসহ র‌্যাব ও পুলিশের হাতে আটক হয়েছে। তার নামে মাদকদ্রব্য, মারামারিসহ বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। পুলিশি তালিকায় সে একজন চিহ্নিত অবৈধ মাদকব্যবসায়ী। একই চক্রের সক্রিয় সদস্য পৌর শহরের শেকড়াতলা পাড়ার ট্রেজারি মকসেদ আলীর ছেলে বিদ্যুৎ (৩৫), সুদো মল্লিকের নাতি ছেলে আশিক ও সুমন। মাদকব্যবসায় তাদের উৎপাতের কারণে কিছুদিন আগে এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এরপর সুমন ও তার স্ত্রী দৌলৎদিয়াড় মাঝেরপাড়ার আতিয়ার রহমানের বাড়িভাড়া নেয়। ভাড়াবাড়িতে বসবাসের আড়ালে ওই এলাকায় তারা মাদকব্যবসার বড় আস্তানা গড়ে তোলে। যেখানে দিনরাত প্রাইভেটকার-মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকযোগে বিভিন্ন স্থান থেকে মাদকব্যবসায়ী ও সেবনকারীরা আশা-যাওয়া করতো। যা দেখে এলাকাবাসী তাদের কিছু না বললেও সকলে জানত এখানে মাদকের কারবার চলে আসছে। এরই একপর্যায়ে পুলিশের কাছে গোপন মাধ্যম থেকে সংবাদ পৌছায় এবং অভিযান চালানো হয়। প্রসঙ্গত, গত সোমবার বেলা সাড়ে ১২টার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কলিমুল্লাহ’র নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলৎদিয়াড় মাঝেরপাড়ায় আতিয়ার রহমানের বাড়ীতে অভিযান চালনো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিদ্যুৎ, আশিক, সুমনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন মাদককারবারী পালিয়ে যায়। এ সময় সজীব নামের ওই যুবককে আটক করা হয়। তার কাছে কচটেপ দিয়ে মোড়ানো অভিনব কায়দায় রাখা ২ হাজার ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ০১টি ল্যাপটপ, পেনড্রাইভ, ইয়াবা সেবনের যাবতীয় সরঞ্জাম ও কাগজপত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। অভিযানকালে ওই বাড়ি থেকে পুলিশ একটি ল্যাপটপ, বেশ কিছু খাতা/কাগজপত্র ও পেনড্রাইভ হাতে পেয়েছে। যা থেকে মাদকব্যবসায়ীদের একটি বড় চক্রের সদস্যদের হিসাব-নিকাশ, বাকী-বকেয়া ও চালান আদান প্রদানের চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)