ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার পদ্মবিলায় কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক
এসএম শাফায়েত: চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নীমতলা গ্রামে কম্বল বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মকান্ড চালান তিনি। এ সময় গ্রামের শতাধিক অসহায়, দুস্থ, হতদরিদ্র, শীতার্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রেরিত শীতবস্ত্র/কম্বল প্রদান করা হয়।
তীব্র শীতে যবুথবু বয়বৃদ্ধা জমেলা বিবি বলেন, ‘খালি খ্যাতায় (কাঁথা) ওম (গরম) হয়না। এই শিতি (শীতে) খুব কষ্টে আচি (আছি) বাবা। ছেলে-বো ঘরের মদ্দি (মধ্যে) থাকে, আমি পিড়েই (বারান্দা) থাকি। বয়স যত বাড়চে (বাড়ছে) শিত যেন কেরমিই (ক্রমেই) বাড়চে। এই এট্টা (একটা) কোম্বল (কম্বল) পেয়ে খুব ভাল হলো।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘তীব্র শীতে অসহায়, দরিদ্র, ছিন্নমূল মানুষের দুঃখ-দুর্দশা খুব কাছ থেকে দেখে তাদের যথাযথ সুবিধা দেয়ার চেষ্টা করছি। আমাদের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পর্যাপ্ত শীতবস্ত্র/কম্বল রয়েছে। প্রয়োজনে আরো চাহিদা পাঠাবো। চাইলে আপনারাও শীতার্ত মানুষের সেবায় এগিয়ে আসতে পারেন।’
জেলা প্রশাসকের ধারাবাহিক এ কার্যক্রমে অংশ নেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিসিয়াল মন্সিখানা ও ত্রাণ শাখা) সুচিত্র রঞ্জন দাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) খাইরুল ইসলাম, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস প্রমুখ।
