ছবির ক্যাপশন:
শিক্ষিত মেয়েরা অন্যায়ের প্রতিবাদ করে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বাল্য বিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে মা’দের ভূমিকা শীর্ষক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পৌরসভার জোয়ার্দ্দারপাড়ায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম ও স্কুল শিক্ষিকা সাদিকা খানম। উপ-পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ‘বাল্য বিবাহ ও মাদক আমাদের জাতীয় উন্নয়নকে ব্যহত করছে। বাল্য বিবাহ বন্ধ করতে হলে আমাদের নারী সমাজকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কারণ শিক্ষিত মেয়েরাই পারে অন্যায়ের প্রতিবাদ করতে। আমাদের মোট জন সংখ্যার অর্ধেক নারী। কাজেই নারীদের পিছনে রেখে কোন উন্নয়নই সম্ভব নয়। বৈশ্বিক উন্নয়নের সিঁড়ি বেয়ে আমাদের মেয়েরা ইতোমধ্যে অনেকদূর এগিয়ে গেছে। তথাপিও বাল্য বিবাহ আমাদের জন্য অভিশাপ! মায়েরা সচেতন হলে এই অভিশাপ থেকে জাতি পরিত্রাণ পেতে পারে। অনুষ্ঠানে মহল্লার ৮০ জন মা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইফা চুয়াডাঙ্গার পক্ষ থেকে মিষ্টান্ন বিতরণ করা হয়।
