ছবির ক্যাপশন:
অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব
নিজস্ব প্রতিবেদক: আর্তমানবতার সেবায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গায় ব্যাংকের শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ৪’শ জন শীতার্ত অসহায় দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, বিভিন্ন এলাকায় গরিব ও অসহায় মানুষ শীতে দুর্ভোগ পোহাচ্ছে। শীতার্ত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। দিনমজুর মানুষ প্রতিদিন যা রোজগার করে, তা দিয়ে পরিবার চালাতে হিমশিম খায়। তাদের অনেকের পক্ষেই শীতবস্ত্র ক্রয় করা সম্ভব হয় না। তাই এই শীতে সমাজের সর্বস্তরের মানুষের কর্তব্য হলো, অসহায়দের পাশে দাঁড়ানো। আল আরাফাহ্ ব্যাংকের মতো সামর্থবানদের শীতার্তদের পাশে দাড়াঁতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুশ শুকুর। এসময় আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার রাকিব খন্দকারসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
