ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ‘গাছের সাথে এ আবার কেমন শত্রুতা’ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাগমারা মাঠে প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রায় দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। ধরন্ত পেয়ারা গাছ কেটে দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছে অসহায় কৃষক। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বলুহর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত রহিম বক্স মন্ডলের ছেলে সামছুর রহমানের (৫৫) জমিতে এই ঘটনা ঘটে। থানায় অভিযোগ সূত্রে ও ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, উপজেলার বলুহর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাগমারা মাঠে লিজকৃত দুই বিঘা জমিতে প্রায় ছয় মাস পূর্বে পেয়ারা চাষ শুরু করেন কৃষক সামছুর রহমান। ১৫ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা দুই বিঘা জমির প্রায় দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে মাটিতে ফেলে রাখে। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পেয়ারা বাগানের মালিক সামছুর রহমান জানায়, গাছগুলোতে ইতিমধ্যে ফল ধরেছে এবং বিক্রির উপযোগী হয়েছে। ঠিক এই মুহুর্তে গাছগুলো কেটে দেওয়ায় সে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল বুধবার সকালে কোটচাঁদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষক। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক আব্দুল হাই। এ সময় তিনি বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
