ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সম্প্রীতি কল্যাণ সমিতির মহতি উদ্যোগ, অবশেষে মৃত আলী আকবারের ব্যাংকের ঋণ মুক্ত করলেন সম্প্রীতি কল্যাণ সমিতি।
জানা গেছে, প্রায় ২৪ বছর আগে আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে আলী আকবর আলমডাঙ্গার অগ্রণী ব্যাংকের শাখা থেকে ৭ হাজার টাকা তাঁত ঋণ গ্রহন করেন। তার ঋণ হিসাব নং-৩৪৯। ঋণ নেওয়ার কয়েক বছরের মধ্যেই আলী আকবার মৃত্যুবরণ করেন। উল্লেখ্য তার কোন ওয়ারেশ বা সম্পদ না থাকায় দীর্ঘবছর উক্ত ঋণটি অনাদায়ী অবস্থায় পড়ে ছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার সামনে চায়ের দোকানে সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী কথা প্রসঙ্গে সম্প্রীতি কল্যাণ সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্তসহ কয়েকজনের কাছে বিষয়টি জানালে তারা একত্রিত হয়ে সম্প্রীতি কল্যাণ সমিতির পক্ষ থেকে ঋণ পরিশোধে উদ্যোগ গ্রহণ করেন। এ ব্যাপারে আলমডাঙ্গা অগ্রনী ব্যাংক আলমডাঙ্গা শাখার ম্যানেজারের সাথে কথা বললে উনি আলী আকবারের ঋণ সমস্ত সুদ মওকুফ করে শুধুমাত্র মূল টাকা পরিশোধ করার অনুরোধ জানালে সম্প্রীতি কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাজাহারুল ইসলাম বিস্কুট, সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, মিহির কুমার বিশ্বাস, আবু জাফর জানু উপস্থিত থেকে মৃত আলী আকবারের ব্যাংকের ঋণ ৭ হাজার টাকা পরিশোধ করে দেন।
