ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ ছেলুন জোয়ার্দ্দার : চুয়াডাঙ্গা-২ হাজী টগর
বিশেষ প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে জয় পেয়েছেন। চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার জয় নিয়ে তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্তমান সাংসদ হাজী আলী আজগার টগর। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর থেকে শোনা যায় তাদের জয় জয়কার। রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গা-১ আসনে আ.লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন `নৌকা` ৩ লাখ ৯ হাজার ৯৭২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে পুনরায় সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল সমর্থিত মো. শরীফুজ্জামান শরীফ `ধানের শীষ` প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ১২০ ভোট। এদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে আ.লীগ মনোনীত হাজী আলী আজগার টগরও `নৌকা` প্রতীকে ২ লাখ ৯৮ হাজার ৮৩৭ ভোট পেয়ে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল সমর্থিত আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু `ধানের শীষ` প্রতীকে ২৬ হাজার ৯২৪টি ভোট পেয়েছেন।
এদিকে, সকাল ৮টায় চুয়াডাঙ্গা একাডেমি কেন্দ্রে ভোট দিতে গিয়ে প্রথম সাঁরিতে দাড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পরে তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। তবে চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচনি প্রক্রিয়া প্রত্যাখ্যান করে তার প্রতিবাদ জানিয়ে ভোট দেননি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ। দর্শনায় নিজ এলাকার কেন্দ্রে ভোটদেন চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার প্রার্থী হাজী আলী আজগার টগর। আন্দুলবাড়িয়ায় ভোট দেন চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু। অন্যান্য প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় সুবিধামত সময়ে ভোট প্রদান করেছেন।
