ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার স্টেশনে একটি রকেট মেইল ট্রেন লাইনচ্যুত হওয়ার পর প্রায় ১০ ঘন্টা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। গত শনিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বারোবাজার রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। গতকাল রোববার সকালে কালীগঞ্জ রেল স্টেশনের মাষ্টার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রকেট মেইল ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। এসময় বারোবাজার এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। খুলনা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করে। দুপুর পর রেল চলাচল স্বাভাবিক হয়।
