ছবির ক্যাপশন:
থামছে না নির্বাচনী সহিংসতা হামলা-ভাংচুর
খুলনায় প্রার্থীকে নিজ বাড়িতে অবরুদ্ধ রাখার অভিযোগ
ডেস্ক রিপোর্ট: সারা দেশে ছড়িয়ে পড়েছে নির্বাচনী সহিংসতা। বিশেষ করে বিএনপি প্রার্থীদের প্রচারে বাধা, দলীয় অফিস ও নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাংচুর অব্যাহত রয়েছে। ধানের শীষের কর্মী-সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানেও ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে। গত মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত দেশের ১৫ জেলায় বিএনপির এক প্রার্থীসহ অন্তত ৯৯ জন আহত হয়েছেন। এজন্য দলটির নেতাকর্মীরা ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীনরা। পাবনায় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের সহধর্মিণীর ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। খুলনায় বিএনপি প্রার্থী বকুলকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে আড়াই ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এদিকে পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে এক প্রার্থী ও তার স্ত্রীসহ বিএনপি-জামায়াতের ২২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুরনো মামলা, নাশকতা পরিকল্পনা ও বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার করা হয়েছে।
