ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য সারা দেশে ব্যালট পেপার বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার বেলা ২টা থেকে ঢাকার দুটি সরকারি প্রেস (বিজি ও গভর্নমেন্ট) থেকে এসব ব্যালট পেপার বিতরণ করা শুরু হয়েছে। ব্যালট বিতরণ কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও ডিএমপিকে অবহিত করা হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনের ভোট স্থগিত হওয়ায় ৩০শে ডিসেম্বর ২৯৯ আসনে ভোট হবে। ছয়টি আসনে ইভিএম-এ ভোট হওয়ায় বাকি ২৯৩ আসনে ব্যালট পেপার ব্যবহার করা হবে। এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ইভিএমের ছয় আসন ছাড়া বাকি ২৯৩ আসনের ব্যালট পেপার ছাপানো শেষ হয়েছে। তিনি বলেন, ইভিএমের ছয়টি আসন ও গাইবান্ধা-৩ আসন ছাড়া বাকি ২৯৩ আসনের ব্যালট পেপার ছাপানো হয়েছে।
ইসি সূত্রে আরো জানা গেছে, প্রাথমিকভাবে জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে আসনভিত্তিক ভোটের ব্যালট পেপার পৌঁছানো হবে। ২৯৩ আসনের মধ্যে যেগুলোর এখনো ঝামেলা রয়েছে (আদালতের নির্দেশনার অপেক্ষা) সেগুলো যখনই ইসির সিদ্ধান্ত পাব তখনই ব্যবস্থা নেয়া হবে। জরুরি প্রয়োজনে ব্যালট পেপার পৌঁছাতে দুটি হেলিকপ্টারও প্রন্তুত রয়েছে। ঢাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার মধ্যে এলাকায় এসব সামগ্রী পৌঁছানো হবে।
প্রসঙ্গত, সংসদ নির্বাচনের শেষপর্যায়ের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণও শেষ। ভোটগ্রহণের জন্য সিল-প্যাডসহ নির্বাচনী সামগ্রী ইতিমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে। শুধু ব্যালাট পেপার ছাড়া অন্য সামগ্রী পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন ভবন থেকে স্টাম্প প্যাড, অফিসিয়িাল সিল, মাকিং সিল, ব্রাশ সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপ পিন ইত্যাদি সামগ্রী পাঠানো হয়। ইসির ক্রয় ও মুদ্রণ শাখার কর্মকর্তারা জানান, ব্যালট পেপার বাদে অন্য সব নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল বিকালে ব্যালট পেপার বিতরণ শুরু হয়েছে। আগামীকালের মধ্যে ব্যালট বিতরণের সময় বেঁধে দেয়া হয়েছে।
