ছবির ক্যাপশন:
ফেন্সিডিল ও মদসহ বিভিন্ন মালামাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, মদ, শাড়ী, শাল ও জুতা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথকস্থানে পৃথক অভিযান চালিয়ে এসকল মালামাল উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৪টি ভারতীয় শাড়ী, ৯টি শাল এবং ৪ জোড়া জুতা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা।এদিকে, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কুতুবপুর গ্রামের ঈদগাঁহ মাঠ থেকে ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কুতুবপুর গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আলমগীরকে (৩৫) আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৭ হাজার ৬শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে, একইদিন শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক বাবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কামারপাড়া গ্রামের মাঠ থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা।
