নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মোল্লাপাড়ার আফজাল হোসেনের ছেলে সুমন (২৫), চুয়াডাঙ্গা পৌরসভার সুমিরদিয়া ঠিকানা মোড়ের আলী আহম্মদের ছেলে অটোচালক মিঠুন (২৮), চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হরিতলাপাড়ার আব্দুল মালেকের স্ত্রী ফরিদা খাতুন (৩৫) এবং একই এলাকার ইমাম আলীর ছেলে শিহাব (১৬)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, দামুড়হুদা ভিমরুল্লাহ নামক স্থানে আলমসাধু ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক মিঠুন ও যাত্রী সুমন আহত হয়। স্থানীয়রা তাদরেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, গতকাল বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গার গোবিন্দপুর নামক স্থানে আলমসাধুর সাথে গরুর ধাক্কায় আলমসাধু উল্টে যায় এবং ফরিদা ও শিহাব আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তারা চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
