হাউলী ইউপি চেয়ারম্যান মিন্টু শাহ্ আর নেই

আপলোড তারিখঃ 2018-12-17 ইং
হাউলী ইউপি চেয়ারম্যান মিন্টু শাহ্ আর নেই ছবির ক্যাপশন:
এলাকায় শোকের ছায়া : বিভিন্ন মহলের শোক প্রকাশ : আজ দাফন দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি........রাজিউন)। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে হাউলী ইউনিয়নের লোকনাথপুর মাঝেরপাড়া বটতলায় প্রাইমারী স্কুলমাঠ প্রাঙ্গনে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এসময় স্থানীয়রা দ্রুত সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া। এসময় বিভিন্ন মহল শোক প্রকাশ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। জানাযায়, রোববার সন্ধ্যার পর দামুড়হুদার হাউলী ইউনিয়নের লোকনাথপুর মাঝেরপাড়া বটতলায় একঝাঁক পায়রা ক্লাবের আয়োজনে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে খেলা উদ্বোধন করতে গিয়ে তিনি কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলা শেষে প্রতিযোগীদের খেলা উপভোগ করছিলেন। এসময় হঠাৎ করে বুকে ব্যাথার অনুভব করলে পরপরই বসে থাকা চেয়ার থেকে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু এহসান মোহাম্মদ ওয়াহেদ তার শরীরের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়ার আগেই মারা গেছেন। পরিবারপক্ষ থেকে জানা যায়, বেশ কিছুদিন আগে তার হার্টে ব্লক ধরা পড়ে। পরে এনিজওগ্রাম পরিক্ষার মাধ্যমে তার হার্টে ২টি রিং লাগানো হয়। মাঝে মাঝে তার শারীরিক দুর্বলতার কারনে শ্বাসকষ্ট হতো। এ কারনে তিনি এনহেলা ব্যবহার করতেন। ধারনা করা হচ্ছে গতকাল খেলা উদ্বোধনের সময় হয়তো কিছু সময় খেলা খেলে শারীরিক দুর্বলতার কারনে হৃদরোগে আক্রান্ত হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে। মোহাম্মদ আলী শাহ মিন্টু দর্শনা পুরাতন বাজারস্থ মৃত আব্দুল ওদুদ শাহর ছেলে। তিনি ৬ ভাই ২ বোনের মধ্যে মেজো। মৃত্যুকালে ৪ ছেলে ১ মেয়ে, স্ত্রী, ভাই ও বোনসহ অসংখ্য আত্মীয় ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবেশীসহ দূর দূরান্ত থেকে আত্মীয় ও শুভাকাঙ্খীরা মরহুমের লাশ এক নজর দেখতে ছুটে আসেন নিজ বাড়ি দর্শনা পুরাতন বাজার। এসময় তার সন্তান, স্ত্রী, পরিজনদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। কিছুতেই যেন নিকটজনেরা মেনে নিতে পারছিলোনা তার মৃত্যুর খবর। এসম তার লাশ দেখতে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদের আ.লীগের মনোনিত প্রার্থী হাজী আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলাম, দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ৭১ টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ মামুন। পরিবার পক্ষ থেকে জানা যায়, আজ সকাল ১১টায় দর্শনা কেরুজ বাজার মাঠ প্রাঙ্গনে প্রথম জানাযা ও দুপুর ২টায় লোকনাথপুর মাঠে দ্বিতীয় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে। এদিকে সদর হাসপাতালে মিন্টু শাহর মৃত ঘোষনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডুগডুগি গ্রামের মাঝপাড়ার মৃত ছাদেক আলীর স্ত্রী মিন্টু শাহর আপন চাচাতো বোন মর্জিনা খাতুন (৬৫)। এসময় তিনি মৃত্যুর খবর শুনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)