গাংনী অফিস: গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ৫ জন আহত হয়েছে। নির্বাচন কেন্দ্রীয় বিরোধের জের ধরে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ এবং অপরজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা ছাত্রলীগ সভাপতি দুর্লভপুর গ্রামের বাসিন্দা তোহিদুল ইসলাম ও দুলর্ভপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হায়দার আলী পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। নির্বাচন নিয়ে দু’পক্ষের মধ্যে গত তিন দিন থেকে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে গতকাল সকালে গ্রামের আশরাফুল ইসলামের চায়ের দোকানে হায়দার পক্ষের লোকজনের উপর হামলায় চালায় তৌহিদ পক্ষের লোকজন। রামদা দিয়ে কুপিয়ে তারা ৫ জনকে রক্তাত্ব জখম করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে উসমান গনি, আব্দুর রাজ্জাক, আজমত আলী ও এনামুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। জিয়াউদ্দীন নামের একজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
