ছবির ক্যাপশন:
খালেদা জিয়া-কাদের সিদ্দিকী-হাওলাদার-হুদা-রনি রেজাসহ ৭৮৬ প্রার্থীর মনোনয়ন বাছাইয়ে বাতিল
ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। গতকাল দেশের ৩০০ সংসদীয় আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৮৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে। এখন বৈধ প্রার্থীর সংখ্যা দুই হাজার ২৭৯ জন। সব হিসাব-নিকাশ শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ৯ ডিসেম্বর।
৩৫টি আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। ২৬৫টি আসনে এক বা একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। সর্বোচ্চ বাতিল হয়েছে কুড়িগ্রাম-৪ আসনে। এখানে ১৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়। জমা পড়েছিল মোট ২৩ মনোনয়নপত্র। অন্যদিকে, যে ৩৫টি আসনে কারো মনোনয়নপত্র বাতিল হয়নি, সেগুলো হলো ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, জয়পুরহাট-২, চাঁপাইনবাবগঞ্জ-৩, নওগাঁ-২, নাটোর-৩, পাবনা-২ ও ৪, কুষ্টিয়া-৩, বাগেরহাট-৩, খুলনা-১, ৩, ৪, ৫, সাতক্ষীরা-৩, পটুয়াখালী-৪, ভোলা-৩, বরিশাল-৪ ও ৫, পিরোজপুর-২, টাঙ্গাইল-২, ৫, জামালপুর-২, নেত্রকোনা-৩, ঢাকা-১২ ও ১৩, নরসিংদী-৪, গোপালগঞ্জ-২, মৌলভীবাজার-৪, কুমিল্লা-৭, চাঁদপুর-৩, ফেনী-২, নোয়াখালী-৫, লক্ষীপুর-৩ ও কক্সবাজার-১। এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সারা দেশে ৩০০ আসনে তিন হাজার ৫৬ জন মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহী বিভাগে ৩৫৩টি, খুলনা বিভাগে ৩৫১টি, বরিশাল বিভাগে ১৮২টি, ময়মনসিংহ বিভাগে ২৩৬টি, ঢাকা বিভাগে ৭০৮টি, সিলেট বিভাগে ১৭৭টি ও চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি মনোনয়ন দাখিল করা হয়। সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়ে ঢাকা-৮ আসনে ২২টি। মাগুরা-২ আসনে সর্বনিম্ন চারটি মনোনয়ন জমা পড়ে।
গতকাল মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে উল্লেখযোগ্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ৩ আসনের মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তার হলেন- বিএনপি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা-৬ আসনে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ঢাকা-১৪ আসনে বিএনপির সৈয়দ আবু বকর সিদ্দিক, ঢাকা-১৫ আসনে মো. মুকুল আমিন (জাপা), ঢাকা-১৬ আসনে গণফোরামের খন্দকার ফরিদুল আকবর (ঋণখেলাপি), বিএনপির এ কে মোয়াজ্জেম হোসেন (ঋণখেলাপি), জাতীয় পার্টির আমানত হোসেন, ঢাকা-১৭ আসনে জেএসডির নজরুল ইসলাম ও আওয়ামী লীগের আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক)। এ ছাড়া মনোনয়নপত্র বাতিল হয়েছে ব্যারিস্টার নাজমুল হুদা (মনোনয়ন ফরমে নিজ দলের নাম বা স্বতন্ত্র প্রার্থী, কোনোটিই উল্লেখ নাই), বিকল্প ধারার আরিফুল হক (ঋণখেলাপি) ও বিএনপির শওকত আজিজ (লঙ্কা বাংলা ও জনতা ব্যাংকের কাছে ঋণখেলাপি)। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী লেলিন চৌধুরী, মেজর (অব.) মামুনুর রশীদ (ভুয়া ভোটারের স্বাক্ষর), আনিসুজ্জামান খোকন, মো. আব্দুর রহিম, (ভুয়া ভোটারের স্বাক্ষর) ও শামসুল হুদা চৌধুরী (ভুয়া ভোটারের স্বাক্ষর) ও আওয়ামী লীগের রুবেল আজীজের (ঋণখেলাপি) মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঢাকা-২০ আসনে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি মো. তমিজ উদ্দিন ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের সাবেক এমপি সুলতানা আহম্মেদ ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, খেলাপি ঋণ থাকার কারণে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, টাঙ্গাইল-৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী নুর মোহাম্মদ খান, হবিগঞ্জ-১ আসনে গণফোরাম মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া, ঢাকা-১ আসনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম, রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারের মনোনয়ন বাতিল হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনেই বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সকালে ফেনী-১ আসন ও দুপুরে ‘জিয়া পরিবারের আসন’ হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনেরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুটি মামলায় খালেদা জিয়ার সাজার কথা উল্লেখ করে ফেনীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদ উজ জামান গতকাল ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন। টেলিফোন বিল বকেয়া ও ঋণখেলাপি হওয়ায় ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ঢাকা-৯ আসনের বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবারো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। ঢাকা-১ আসনে আওয়ামী লীগের সালমান এফ রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির নেতা ও বর্তমান এমপি সালমা ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা-৪ আসনে বিকল্পধারার কবির হোসেনের মনোনয়ন ব্র্যাক ব্যাংকে ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়েছে। ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। ঋণখেলাপির অভিযোগে লক্ষীপুর-১ আসনের বর্তমান এমপি এবং জাকের পার্টির প্রার্থী এম এ আওয়ালের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলুর মনোনয়ন বাতিল হয়েছে। রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাগেরহাট-১ আসনে ঋণখেলাপের দায়ে জাতীয় পার্টির আহমেদ জোবায়েরের এবং বাগেরহাট-২ আসনে একই দলের প্রার্থী শেখ মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ থাকায় তা বাতিল করা হয়েছে। এ ছাড়া বাগেরহাট-৪ আসনে মো. আমিনুল ইসলাম খানের (এনপিপি) মনোনয়নপত্রে ত্রুটির জন্য বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার। চট্টগ্রামে বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এরা হলেন- কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দীন কাদের চৌধুরী, তার ছেলে সামির কাদের চৌধুরী এবং যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।
আদালতে দ-িত হওয়ায় খাগড়াছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া, দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী ও দাখিলকৃত ভোটার তালিকায় অসঙ্গতির কারণে ইউপিডিএফ সমর্থিত দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীর দত্ত চাকমা, ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা সচিব চাকমা ও নতুন কুমার চাকমা।
নওগাঁর ৬টি আসনে মোট নয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন- নওগাঁ-১ আসনের আবু হেনা মোস্তফা কামাল (এলডিপি/বিকল্পধারা), নওগাঁ-২ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলম (স্বতন্ত্র), নাটোর-১ আসনে সাম্যবাদী দলের বীরেন্দ্রনাথ সাহা, নাটোর-২ আসনে মামলায় সাজা হওয়ার কারণে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর পর্যন্ত ৩ হাজার ৫৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
