গণতন্ত্র পুনরুদ্ধারে জোটবদ্ধ হয়েছি, ক্ষমতার জন্য নয় -রয়টার্সকে ড. কামাল

আপলোড তারিখঃ 2018-11-30 ইং
গণতন্ত্র পুনরুদ্ধারে জোটবদ্ধ হয়েছি, ক্ষমতার জন্য নয় -রয়টার্সকে ড. কামাল ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধার করতেই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে গত বুধবার দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, গত ৫ বছরে যা হয়েছে তা অপ্রত্যাশিত। আমাদের দেশে কখনই কোন অনির্বাচিত সরকার ৫ বছর টিকে ছিলোনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোদ্ধা ড. কামাল হোসেন বর্তমান সরকারের বিরুদ্ধে গঠিত জোটের নেতৃত্বে রয়েছেন। তিনি শেখ হাসিনার পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন। শেখ হাসিনা এই প্রবীন নেতাকে চাচা বলে সম্বোধন করেন। যিনি তাকে চাচা ডাকেন, তার এবং নিজেরই সাবেক দলের বিরুদ্ধে কেনো জোট গঠন করলেন, সাক্ষাৎকারে সেসব বিষয়ে তিনি ব্যাখা দিয়েছেন। গত ২৮ বছর ধরে বাংলাদেশে রাজনীতির শীর্ষ পর্যায়ে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তবে এ বছরের শুরুতে খালেদা জিয়াকে কারাদন্ড দেওয়া হলে বিএনপি বিপদে পড়ে। গত মাসেও নিশ্চিত ছিলো না, তারা নির্বাচনে যাবে কিনা। এরপরেই নাটকীয়ভাবে তারা আরও ৩ দলের সঙ্গে জোট গঠন করে। যার নেতৃত্বে রয়েছেন ড. কামাল হোসেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অনেকেই তাকে এই বয়সে রাজনীতিতে আসার জন্য ৯৩ বছর বয়সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া মাহাথিরের সঙ্গে তুলনা করেছেন। মাহাথিরও তারই সাবেক দলের বিরুদ্ধে নির্বাচন করেন। তবে ড. কামাল কেনো নির্বাচন করছেন না সে প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (মাহাথির) আমার চাইতে সুস্থ রয়েছেন। আমি তার চাইতে ১১ বছরের ছোট হলেও শারিরীকভাবে তার মতো ফিট নই। আমাকে এখন লাঠি নিয়ে হাঁটতে হয়। আমি এ কারণেই প্রধানমন্ত্রী হতে চাইনা। প্রধানমন্ত্রীর প্রচুর কাজ করতে হয়। সাক্ষাতকালে বিএনপিরও বিগত দিনের কার্যক্রমেরও সমালোচনা করেন ড. কামাল। তিনি বলেন, আমাদের জোটে জামায়াতের মতো দলের কোন ভূমিকা নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)