ছবির ক্যাপশন:
মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল
মেহেরপুর অফিস: মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশের নেতাকর্মীরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা যুবলীগের সাবেক সভাপতি টনিক বিশ্বাসের নেতৃত্বে শহরের কোর্টমোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টমোড়ে ফিরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিলে মেহেরপুর-১ আসনের প্রার্থী পরিবর্তনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এদিকে, গাংনী অফিস জানিয়েছে, মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের গাংনীস্থ বাস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু। এতে বিভিন্ন স্তুরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। মিছিল থেকে- ‘যোগ্য প্রার্থী খালেক ভাই পুনঃবিবেচনায় তাকে চাই’সহ বিএনপি-জামায়াত বিরোধী নানা স্লোগান দেয়া হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহিদুজ্জামান খোকনকে পরিবর্তন করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেককে প্রার্থী করার দাবি জানান বিক্ষোভকারীরা।
