ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): চোর না শোনে ধর্মের কাহিনী কথাটির আবারো সত্যতা পাওয়া গেলো। গতকাল আলমডাঙ্গার ওসমানপুরে পুরনো জামে মসজিদের লকারের তালা ভেঙ্গে দানের টাকা চুরি হয়ে গেছে। স্থানীয়রা অভিযোগ করে, মসজিদ কমিটির যোগসাজসে হতে পারে এ রহস্যময় চুরি। গত শুক্রবার জুম্মার নামাজের শেষে মসজিদে আলোচনায় বসার কথা থাকলেও অদৃশ্য ছায়ায় বসেনি মসজিদ কমিটি। জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের ওসমানপুর পুরাতন মসজিদের লোকারের তালা ভেঙ্গে দানকৃত ৮/১০ হাজার টাকা চুরি হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। গত বুধবার মসজিদের মোয়াজ্জিম লোকারের তালা ভাঙ্গা দেখে মসজিদ কমিটির সভাপতিকে অবগত করে। মসজিদের কমিটি শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয়ভাবে চুরিকৃত ব্যাপারে আলোচনায় বসার কথা থাকলেও অদৃশ্যভাবে আলোচনা পন্ড হয়ে যায়। এই ব্যাপারে আলমডাঙ্গা থানায় ও কোন অভিযোগ জানানো হয়নি। কিন্তু স্থানীয়রা দাবি তোলেন, গত ২০১১ সালে ওসমানপুর গ্রামের হবিবারের ছেলে হাসান আলী মসজিদের টাকা চুরি করে। হাসান ছিলো মসজিদ কমিটির সদস্য। এরই প্রেক্ষিতে আবারো মসজিদ কমিটির দিকে চুরিকৃত ঘটনার তীর ছুড়ছে স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ ও মসজিদে টাকা ফেরৎ দেয় নি।
