ছবির ক্যাপশন:
'-নাজমুল হক স্বপন
দেখতে দেখতে কেমন যেন চলে গেল তিনটি বছর। নানা স্মৃতি নিয়ে দৈনিক সময়ের সমীকরণ পা রেখেছে চতুর্থ বছরে। খুশির এ দিনে আমাদের অগণিত পাঠক, গ্রাহক, বিজ্ঞাপণদাতা, সংবাদকর্মী, এজেন্ট, বিক্রেতা, শুভাকাঙ্খী সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ২০১৫ সালের ২৩ নভেম্বর ছোট্ট পরিসরের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে `সততাই আমাদের শক্তি` শ্লোগানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দৈনিক সময়ের সমীকরণ। এরপর শুধু অবিরাম সামনে চলা। দীর্ঘ তিনটি বছরের এ পথচলা সহজ ছিল না। কালেভদ্রে কিছুটা মসৃণ হলেও বেশির ভাগ সময়ই আমরা পার হয়েছি কণ্টকাকীর্ণ ঝড় ঝাপটা ও নানা সংকটের আবর্তে মোড়া পথ। চলতে পথে আমরা হোঁচটও খেয়েছি বারবার। আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়েছি, বেদনায় নীল হয়েছি। আশঙ্কা-হতাশায় কুঁকড়ে গিয়েছি অনেকবার। মাঝে মাঝে এমন সময় এসেছে আর বুঝি রক্ষা হলোনা। তারপরও ধৈর্য্য, সাহস আর একাগ্রতায় আমরা অবিচল থেকেছি, মাথা সোজা করে দাঁড়িয়েছি। সামনে চলেছি অটুট লক্ষ্য নিয়ে। ইতোমধ্যে সেই লক্ষ্য স্পর্শও করেছে দৈনিক সময়ের সমীকরণ পরিবার। এতদাঞ্চলের মানুষের কাছে এখন সময়ের সমীকরণ এক আস্থার নাম। সব শ্রেণীর পাঠকের ভালো লাগার প্রাণের পত্রিকাও এটি। সময়ের সমীকরণ’র এই পুরো বাস্তবতার সব কৃতিত্ব আমাদের অগণিত পাঠকের। তাদের শক্তি, সাহস, মমতা না থাকলে আমরা সত্যিই আজকের এই অবস্থানে আসতে পারতাম না। মাত্র তিনটি বছর গেলেও অনেক কথা, অনেক স্মৃতি তৈরী হয়েছে ইতোমধ্যে। হয়তো অনেক কিছুতেই বিস্মৃত হয়েছি। প্রতিষ্ঠিত অনেক কাগজের ভিড়ে একটি শিশু পত্রিকাকে বড় করার চেষ্টা, শত প্রতিকূলতা মাড়িয়ে তার অস্তিত্ব রক্ষার দুর্দান্ত সংগ্রাম, আবার প্রতিযোগিতায় টিকে থাকার আপ্রাণ লড়াই, অনেক কিছু জয় করা। এ সবই যেন সমীকরণ পরিবারের কাছে এক একটি যুদ্ধ। কারণ কর্মক্ষেত্রে সমীকরণ পরিবারের সকলেই এক প্রাণ, এক আত্মা।
বস্তুনিষ্ঠ, তথ্যমূলক এবং সময়োপযোগী সংবাদ তৈরীর জন্য আমাদের কর্মীদের যে অক্লান্ত চেষ্টা অব্যহত রয়েছে তার স্বীকৃতি দিয়েছেন অগণিত পাঠক। কোন বিষয়ের রিপোর্টের পর পত্রিকা দপ্তরে অসংখ্য ফোন, প্রশংসা, শুভেচ্ছা বা সংশ্লিষ্ট মহলের আলোচনা-সমালোচনা, গাত্রদহ হবার খবর যখন পাই, তখন বুঝি আমরা সঠিক পথেই আছি। জনগুরুত্বপূর্ণ কোন খবর প্রকাশের পর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিচ্ছে দেখলেই আমরা উৎসাহিত হই। জনকল্যাণে আরো ভালো ভালো প্রতিবেদন তৈরির তাগিদ অনুভব করি। আত্মবিশ্বাসে এই ভেবে বলীয়ান হই যে, পাঠকের আস্থা আমরা অর্জন করতে পেরেছি এবং তাদের মনে ঠাই পেয়েছি।
সুপ্রিয় পাঠক, এ কথা অস্বীকার করার উপায় নেই যে, দেশে অনলাইন ও টিভি চ্যানেলগুলোর তাৎক্ষণিক সংবাদ পরিবেশনের ব্যাপকতায় প্রিন্ট মিডিয়া বেশ ঝুকির মধ্যে পড়েছে। বিশ্বের বড় বড় মিডিয়া হাউজে সংকট আর পট পরিবর্তনের বর আসছে। আমাদের দেশেও তার হাওয়া লাগতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় কে কী করছে এটি আমাদের আগ্রহের বিষয় নয়। আজ শুধু পাঠকের কাছে আমাদের অঙ্গীকার করার দিন। নতুন বছরে আমাদের অঙ্গীকার-আমরা নতুন নতুন খবর আর চিন্তা ভাবনা যোগ করতে চাই দৈনিক সময়ের সমীকরণে। সমৃদ্ধ দেশ, সুন্দর জাতি আর পরিশীলিত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি আমরা। নতুন বছরে আমাদের কর্মীরা সে স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে এবং উঠতে চায় অগ্রযাত্রার রথে। সে যাত্রায় বরাবরের মত সাথে চাই অগণিত পাঠককে, যারাই আমাদের প্রাণ, চলার সাহস ও প্রেরণা। সময়ের সমীকরণকে নিয়ে স্বপ্ন দেখে ভালোবাসা মমতায় এগিয়ে নেবার জন্য যারা নিদারুণ চেষ্টা করে চলেছেন, নানা ভাবে সহযোগিতা করেছেন- আজকের দিনে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। শুধু বলবো আমরা নতুন, সৃজনশীল সততা ও স্বচ্ছতায় বিশ্বাসী। আমাদের সাথে থাকুন। আপনার সুচিন্তিত মতামত দিন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা।
লেখক ও প্রধান সম্পাদক
দৈনিক সময়ের সমীকরণ
