ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাবপুর ও জীবননগর পৌরসভার ৮নং ওয়ার্ড আঁশতলাপাড়ার ভৈরব নদের ওপর স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্র ও অ্যাকটিভ সিটিজেনের তরুণদের স্বেচ্ছাশ্রমে দুই গ্রামবাসী ও স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতে ১৫১ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল এ বাশের সাঁকোর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর হযরত আলী, মহিলা নেত্রী রেনুকা আক্তার, সাজেদা খাতুন, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা রাজিব হোসেন রাজু, জাইকা প্রতিনিধি আহসান হাবিব, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা চাষী রমজান, সভাপতি সামিউল ইসলাম, সহ-সভাপতি শুভ, বন্ধু রক্তদান কেন্দ্র ও অ্যাকটিভ সিটিজেনের দলনেতা মিঠুন মাহমুদসহ অ্যাকটিভ সিটিজেন ও বন্ধু রক্তদান কেন্দ্রের মাসুদ রানা, মুরাদ, রকি, রবিন, ফরিদ, ইব্রাহিম, লাবনি, ঐশ্বর্য, বর্ণা, পুস্প, জান্নাত, জয়, হুসাইন, আলিম, প্লাবন, জনি, ইমন, মফিজুল, মিম, রনি, প্রিন্স, কপ্লনা, গঙ্গাদাশপুর যুব সংগঠনের শাহিন কবির, আরুক হোসেন প্রমূখ।
এই সাঁকো তৈরিতে কেউ নগদ টাকা, কেউ বাঁশ, আবার কেউ দিয়েছে কায়িক শ্রম। গত ২ নভেম্বর এই সাঁকো নির্মাণ কাজ শুরু হয়। নদের নামেই সাঁকোটির নামকরণ করা হয়েছে ভৈরব সাঁকো। গতকাল শুক্রবার সকাল ১০টার সময় আনুষ্ঠানিকভাবে ভৈরব সাঁকো চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এই সাঁকোটি নির্মাণের ফলে ভৈরব নদীর দুই পাড়ের সাধারণ মানুষসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সরেজমিনে দেখা গেছে, ভৈরব সাঁকোটি নির্মাণ কাজে ৩জন শ্রমিকের সাথে প্রতিদিন ১৫জন তরুণ মিলে কাজটি সম্পন্ন করেছে। এ সমস্ত তরুণরা বেশির ভাগই শিক্ষার্থী। জীবননগর স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি সংগঠনের সদস্যদের নিয়ে এবং ৩ জন শ্রমিকের সাথে নিয়ে কাজটি শেষ করেছেন।
তথ্যনুসন্ধানে জানা গেছে, সাঁকো নির্মাণের সঙ্গে জড়িত বন্ধু রক্তদান কেন্দ্র ও অ্যাকটিভ সিটিজেন তরুণেরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা সেবামূলক ও উন্নয়মূলক কাজসহ এলাকার অসহায় মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন। ভৈরব সাঁকো নির্মাণ কাজের সমন্বয় করেছেন বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা সাংবাদিক চাষী রমজান ও বাঁকা ইউপি সদস্য আব্দুল মান্নান।
সাঁকো নির্মাণের অন্যতম উদ্যোক্তা, বন্ধু রক্তদান কেন্দ্র ও অ্যাকটিভ সিটিজেনের উপজেলা দলনেতা মিঠুন মাহমুদ জানান, গত দুই মাস আগে বন্ধু রক্তদান কেন্দ্র ও অ্যাকটিভ সিটিজেনের শুভ, মাসুদ, মুরাদ, রবিন, ঐশ্বর্য, লাবনিসহ সকল সদস্যদের নিয়ে জীবননগর শহরের বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সেখানে পৌরসভার আঁশতলাপাড়া ও বাঁকা ইউনিয়নের প্রতাবপুর গ্রামবাসী ও স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চরম দুর্ভোগের কথা উঠে আসে। অবশেষ বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভির সম্মতিতে ভৈরব নদীর ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণের জন্য সিদ্ধান্ত নেয়া হয়। এ কাজে বন্ধু রক্তদান কেন্দ্র ,অ্যাকটিভ সিটিজেন ও স্থানীয় সাধারণ জনগন অংশগ্রহন করে। এদিকে দৃষ্ঠিনন্দন বাঁশের সাঁকো দেখতে প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ ছুটে আসছে।
