দূর্নীতি দমন কমিশন কুষ্টিয়া বরাবর লিখিত অভিযোগ
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা সেচ কমিটির অনুমোদন ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে বিদ্যুত সংযোগ দেয়ার পাঁয়তারা করা হচ্ছে মর্মে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার ছাতিয়ানতলার আলাউদ্দীন দূর্নীতি দমন কমিশন কুষ্টিয়া’র উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগে তিনি বলেছেন, দামুড়হুদা উপজেলার চারুলিয়া মৌজাধীন আরএস ২৭১৫ ও ২৭১৭ দাগে গভীর নলকুপ স্থাপন করে দীর্ঘদিন ধরে সেচকাজ পরিচালনা করে আসছেন। কিছুদিন পূর্বে ছাতিয়ানতলা গ্রামের হামেদ আলীর ছেলে আব্দুল গফুর উপজেলা সেচ কমিটির অনুমোদন ছাড়া একই মৌজায় নিময় বহির্ভুতভাবে মাত্র ৭১০ ফুট দুরত্বে গভীর নলকুপ স্থাপন করে। পরে মেহেরপুর পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সাথে যোগসাজস করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ না দেয়ার জন্য আমি ইতিপূর্বে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বরাবর লিখিত আবেদন করি। কিন্ত আমার আবেদনটি আমলে না নিয়ে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কিছু দূর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজসে সম্প্রতি ওই স্থানে তার ও খাঁটি স্থাপন করিয়াছে। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জানান, অভিযোগের কপি হাতে পেয়েছি এবং বিষয়টি উপজেলা সেচ কমিটির মাসিক সভায় উপস্থান করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
