এসএসসি ফরম পূরণ বাবদ ফি’র টাকা জোগাড়ে ব্যর্থ পিতা

আপলোড তারিখঃ 2018-11-13 ইং
এসএসসি ফরম পূরণ বাবদ ফি’র টাকা জোগাড়ে ব্যর্থ পিতা ছবির ক্যাপশন:
অভিমানে মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা! নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা দিতে না পারায় পরিবারের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের ১০ শ্রেণির এক ছাত্রী। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ওই স্কুলছাত্রী (১৪)। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে অসুস্থ মেয়েটিকে দেখতে হাসপাতালে ছুটে আসেন ওই স্কুলের প্রধান শিক্ষকসহ এক সহকারি শিক্ষিকা এবং এই ঘটনায় সাথে সাথে ওই অসহায় ছাত্রীর পাশে দাড়িয়েছে দৈনিক সময়ের সমীকরণ পরিবার। ফরম পূরণের যাবতীয় খরচ হিসেবে ওই স্কুলছাত্রীর পিতার হাতে তুলে দেওয়া হয়েছে নগদ অর্থ। জানা যায়, আগামী ১৪ নভেম্বর এসএসসি পরিক্ষার ফরম পূরণের শেষ সময়। গতকাল সোমবার সন্ধ্যায় ফরম পূরণ বাবদ বাবার কাছে টাকা চাই ওই স্কুলছাত্রী। এসময় ওই ছাত্রী তার বাবাকে বলে, ফরম পূরণের জন্য আর মাত্র দু’দিন বাকি আছে। তাড়াতাড়ি টাকা দাও নইলে আমি পরীক্ষায় অংশ নিতে পারবো না। এসময় তার দরিদ্র পিতা মেয়েকে বলে মা আমি টাকার জোগাড় করতে পারেনি। এই কথা শুনে অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় ওই স্কুলছাত্রী। এসময় তার পরিবারের লোকজন বুঝতে পারে মেয়ে বিষপান করেছে তখন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা শেষে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই স্কুলছাত্রীটি হাসপাতালে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধিন আছে। এ ঘটনার খবর পেয়ে অসুস্থ মেয়েটিকে দেখতে হাসপাতালে ছুটে আসেন ওই স্কুলের প্রধান শিক্ষকসহ এক সহকারি শিক্ষিকা। পরে সংবাদ সংগ্রহের সময় দৈনিক সময়ের সমীকরণ’র এক প্রতিবেদক এই ঘটনা শুনে পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনকে বিষয়টি অবহিত করে। পরে প্রধান সম্পাদকের নির্দেশে পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যেয়ে তাৎক্ষণিকভাবে ফরম পূরণের যাবতীয় খরচ হিসেবে ওই স্কুলছাত্রীর পিতার হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় দৈনিক সময়ের সমীকরণ’র নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিম, ফেরদৌস ওয়াহিদ, রুদ্র রাসেল ও প্রধান কম্পিউটার অপারেটর বিএ জীবন, সার্কুলেশন বিভাগের ফয়সাল জোয়ার্দ্দার উপস্থিত ছিল। টাকার অভাবে ফরম পূরণে ব্যর্থ হওয়া ওই স্কুলছাত্রীর পিতার প্রশ্ন রেখে বলেন, মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক, ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়ার খরচ নেই, সরকারের বিভিন্ন পর্যায় থেকে এমন বক্তব্য প্রচার করা হলেও এ কথা কতটা সত্য? সব মেয়ে বা ছেলে কী বিনা বেতনে পড়ার সুযোগ পায়? তাছাড়া দিনে ২শ’৫০টাকা উপার্জন করা আমার মত একজন দিনমজুর পিতার পক্ষে মেয়ের এসএসসি পরীক্ষার ফরম পূরণের ১ হাজার ৮শ’ টাকা জোগাড় করা কি অত সহজ? উল্লেখ্য, দেশের প্রাথমিক শিক্ষা সবার জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক হলেও এখনও প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে টিউশন ফি দিয়েই প্রথম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পড়তে হচ্ছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যন্ত টিউশন ফি পরিশোধ করতে হচ্ছে অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে। এর বাইরে বিভিন্ন ধরণের শিক্ষা ব্যয় তো আছেই। বিভিন্ন খাতে সন্তানের শিক্ষা ব্যয় বাড়তে থাকায় বিপাকে আছেন হতদরিদ্র পরিবারগুলো। তারা বলছেন, আয়ের এক তৃতীয়াংশই খরচ করতে হচ্ছে সন্তানের পড়াশোনায়। ঠিক সেই কারণে লেখাপড়া শেষ করে শিক্ষিকা হওয়ার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারি গ্রামের টাকার অভাবে আত্মহত্যা চেষ্টা করা রানি (ছদ্মনাম) সহ হাজারো স্কুলছাত্রীর!

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)