আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ফরম কিনলেন

আপলোড তারিখঃ 2018-11-11 ইং
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ফরম কিনলেন ছবির ক্যাপশন:
মেহেরপুরের এমপি ফরহাদ ও চুয়াডাঙ্গার তিনজন নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন থেকেই দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরম সংগ্রহের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়। ফরম বিক্রি চলে অনেক রাত পর্যন্ত। এ উপলক্ষে কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় শেখ হাসিনার জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এছাড়া চুয়াডাঙ্গার দুটি আসনে ও মেহেরপুরের দুটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে চুয়াডাঙ্গার সম্ভাব্য ১১ জন ও মেহেরপুরের সম্ভাব্য ১২ জন প্রার্থী প্রথমদিনেই তাদের মনোনয়ন ফরম কিনেছেন। গতকালও চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে ৩জনসহ মেহেরপুর-১ আসনে ১ ফরম কিনেছেন। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তামন আহ্বায়ক, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি, এফবিসিসিআই এর পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। এছাড়া চুয়াডাঙ্গা-২ আসনে সম্ভাব্য দলীয় এমপি প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক-প্রকাশক, সামাজিক পরিবেশ মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মানবাধিকার কর্মি নূর হাকিম। এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন মেহেরপুর-১ আসনের বর্তমান এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। গতকাল শনিবার আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। শুক্রবার দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে আটটি বুথ থেকে আট বিভাগের প্রার্থীরা ফরম সংগ্রহ করছেন। এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। আগামীকাল রোববার মনোনয়ন ফরম বিক্রি শেষ তারিখ ও জমাদানের বিষয়ে সিদ্ধান্ত হবে জানা যায়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। আগামী ২৩ ডিসেম্বর ভোট নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)