আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু : ১ম দিনে ফরম কেনার হিড়িক

আপলোড তারিখঃ 2018-11-10 ইং
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু : ১ম দিনে ফরম কেনার হিড়িক ছবির ক্যাপশন:
ফরম কিনলেন চুয়াডাঙ্গার ১১ ও মেহেরপুরের ৭ জন এমপি প্রার্থী! নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন থেকেই দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরম সংগ্রহের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়। ফরম বিক্রি চলে অনেক রাত পর্যন্ত। এ উপলক্ষে কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় শেখ হাসিনার জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এছাড়া চুয়াডাঙ্গার দুটি আসনে ও মেহেরপুরের দুটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে চুয়াডাঙ্গার সম্ভাব্য ১১ জন ও মেহেরপুরের সম্ভাব্য ৭ জন প্রার্থী প্রথমদিনেই তাদের মনোনয়ন ফরম কিনেছেন। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন চুয়াডাঙ্গার ১১জন সম্ভাব্য এমপি প্রার্থী। প্রথম দিনে চুয়াডাঙ্গা ২টি আসনে দলের ১১ প্রার্থী ১১টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চুয়াডাঙ্গা ২টি নির্বাচনী আসনের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়া চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের বর্তমান এমপি শিরিন নাঈম পুনম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহবুব হোসেন মেহেদী, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম পানুসহ ৬জন প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন। অন্যবারের মত এবারো ফরম কিনেছেন জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগ নেতা সামসুল আবেদীন খোকন। অন্যদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আজগার টগরসহ ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। এরমধ্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তরুণ শিল্পপতি নজরুল মল্লিক, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক হাসেম রেজা ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু গতকাল পৃথক পৃথক সময়ে দলীয় মনোনয়ন ফরম কেনেন। `` এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন মেহেরপুরে ৭জন মনোনয়ন প্রত্যাশী। গতকাল শুক্রবার সকাল থেকে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ১ম দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজন আলী, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. আব্দুস সালাম, সাবেক ছাত্রলীগ নেতা এমএএস ইমন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতি উপ-কমিটির সদস্য আসলাম শিহির। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। শুক্রবার দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে আটটি বুথ থেকে আট বিভাগের প্রার্থীরা ফরম সংগ্রহ করছেন। এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। আগামীকাল রোববার মনোনয়ন ফরম বিক্রি শেষ তারিখ ও জমাদানের বিষয়ে সিদ্ধান্ত হবে জানা যায়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। আগামী ২৩ ডিসেম্বর ভোট নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)