গাংনী অফিস: গাংনী থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- এ উপজেলার নিশিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সুজন মাহমুদ (২৫) ও ভাটপাড়ার সালাম কামারের ছেলে স্বপন কামার (৩০)। গতকাল শুক্রবার এদের নামে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, আটক সুজন সীমান্ত থেকে ফেনসিডিল নিয়ে বামন্দি বাজারের দিকে আসার সময় পুলিশের একটি টিম তাকে গতিরোধ করে তল্লাশী চালায়। এসময় তার কাছ ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। অপরদিকে স্বপন কামার তার কামারশালায় বসে ইয়াবা বিক্রি করছিল। পুলিশ তার কাছে থাকা একটি ম্যাচ বাক্সে থাকা ৭ পিস ইয়াবা উদ্ধার করে। আটক দু’জনের নামে মাদক মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
