নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক তিনটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক বৃদ্ধসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করে। পৃথক এ তিনটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতরা হলো- দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা মসজিদপাড়ার আবু বক্করের ছেলে নিজাম (৩৩), কুষ্টিয়া ভেরামাড়া মহিউদ্দীন জোয়ার্দ্দারের ছেলে সুমন (২৫) ও দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মাঝেরপাড়ার মৃত. সত্য কল্লার ছেলে দুলু মিঞা (৭০)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ তিনটি মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা মসজিদপাড়ার আবু বক্করের ছেলে নিজাম কার্পাসডাঙ্গা থেকে নিজ বাড়িতে ফেরার পথে কার্পাসডাঙ্গা ফকিরাখালী ডন ইটভাটার সামনে একটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় ট্রাক্টরটির সাথে ধাক্কা লাগলে মাথায় গুরুত্বর আঘাত পায়। এ সময় শাহআলম নামের এক লেগুনা চালক স্থানীয়দের সহায়তায় নিজামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ দুর্ঘটনায় গুরুত্বর আহত নিজামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত নিজাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল।
এদিকে, চুয়াডাঙ্গা বড়বাজার মিষ্টি মুখের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া ভেরামাড়া মহিউদ্দীন জোয়ার্দ্দারের ছেলে সুমন গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে, কার্পাসডাঙ্গা ফকিরাখালী ব্রিজের মুখে মোটরসাইেিকল নিয়ে কার্পাসডাঙ্গা থেকে কাঁচা বাজার করে নিজ বাড়ি ফেরার সময় একটি মহিশের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মাঝেরপাড়ার মৃত. সত্য কল্লার ছেলে দুলু। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ দুর্ঘটনায় গুরুত্বর আহত দুলুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
