ছবির ক্যাপশন:
বিএনপি-জামায়াত রাজাকারদের ক্ষমতায় বসাতে পারবে না
খন্দকার হামিদুল আজম/তানভীর সোহেল: সদ্য গঠিত যুক্তফ্রন্ট হঠাৎ গজিয়ে ওঠা একটি ফ্রন্ট। সাজাপ্রাপ্ত ও দুর্নীতিগ্রস্থ এবং হত্যা মামলার আসামী তারেক রহমান ও বেগম খালেদা জিয়াসহ কারাগারে বন্দী জঙ্গী, সন্ত্রাসী, ৭১’র খুনি, ৭৫’র খুনি, ২১শে আগস্টের খুনি, মানুষ পোড়ানো খুনিসহ অপরাধীদের মুক্তি ও পুনর্বাসনে ওকালতি শুরু করেছেন ড. কামাল হোসেন। এরা গায়েবী অবয়বহীন তথাকথিত নির্দলীয় সরকারের প্রস্তাবের নামে ভুতের সরকার- অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার পায়তারা করছে। তাই সকল ষড়যন্ত্র রুখে শান্তি ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন। গতকাল শনিবার বিকাল ৩টায় আলমডাঙ্গার সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে জেলা জাসদের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ও কেন্দ্রীয় জাসদের সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন। আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি সংসদে পাস হয়েছে সাইবার জগৎ বা ডিজিটাল সমাজের নিরাপত্তা বিধানের জন্য, নারী-শিশুসহ রাষ্ট্রের নিরাপত্তায়। এর সঙ্গে গণমাধ্যমের কোনো সম্পর্ক নেই। তাই সাংবাদিকদের কাজে বাধা সৃষ্টি করবে না এই আইন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একজনও বেঁচে থাকতে বিএনপি-জামায়াত রাজাকারদের ক্ষমতায় বসিয়ে আর দেশ পরিচালনা করতে পারবে না। তাদের ঐ আশা কখনো পূরণ করতে দেওয়া হবে না। কারণ আমরা রাজাকারদের ক্ষমতায় দেখতে চাইনা। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা ১০ বছরে এই দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। সবশেষে তিনি আলমডাঙ্গা স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি যাতে থামে, সেই বিষয়ে রেলমন্ত্রীর সাথে পরামর্শ করে স্টপিজের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। জাসদের জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. রবিউল আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্দুল্লাহ, গোলাম মহসিন, শরিফুল কবীর স্বপন। সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী। আলমডাঙ্গা পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলাম মিরাজের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক এ্যাড. আকসিজুল ইসলাম রতন, জাসদ শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু, জেলা জাসদের সদস্য আশরাফ আলী আশা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনিসুর জামান আনিস, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলী প্রমূখ।
