জীবননগর অফিস: জীবননগর পোস্ট অফিসপাড়ায় কলেজ শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাত চোরেরা স্বর্ণের গহনা ও নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে। জানা গেছে, জীবননগর ডিগ্রি কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে পৌর শহরের ৭নং ওয়ার্ড পোস্ট অফিসপাড়ায় বসত বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। কলেজে পূজার ছুটি থাকায় গত বুধবার সকালে স্ব-পরিবারে কুষ্টিয়া কুমারখালী শ্বশুরবাড়ী বেড়াতে যায়। গতকাল শনিবার রাত ৮টার দিকে বাসায় ফিরে তিনি বাইরে ক্লপসিবল গেটের তালা খুলে ঘরে প্রবেশ করে ঘরের দরজার তালা ভাঙ্গা ও ব্যবহারের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। বিষয়টি তিনি তাৎক্ষনিকভাবে জীবনননগর থানাকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামত জব্দ করেন। চুরির ঘটনায় প্রভাষক হুমায়ন কবির জানান, তিনি পুজার ছুটি বেড়াতে যাওয়ার সুযোগে অজ্ঞাত চোরেরা ঘরের আলমারির তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণের বিভিন্ন প্রকার গহনাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
