ছবির ক্যাপশন:
জীবননগরে ওভারটেক করতে যেয়ে বিপত্তি : যাত্রীবাহী বাস-আলমসাধু
জীবননগর অফিস: জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আলমসাধু আরোহী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের মনোহরপুর গ্রামের বয়ারগাড়ী মাঠ নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মালিতাপাড়ার নজরুল ইসলামের ছেলে আলমসাধু আরোহী জুয়েল (২৫) নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত আলমসাধু চালক দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের কলোনীপাড়ার আরমানের ছেলে আব্দুল্লাহ (১৮) উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত আলমসাধু চালক আব্দুল্লাহর (১৮) অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা বলেন, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা শাপলা এক্সপ্রেসের লোকাল বাসটি দুপুর দেড়টার দিকে বয়ারগাড়ী নামক স্থানে পৌঁছালে একটা ইঞ্জিনচালিত অটোভ্যানকে ওভারটেক করতে গেলে বিপরীতমুখি একটি আলমসাধুর সঙ্গে যাত্রীবাহী বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কায় আলমসাধু চালক ছিটকে পড়েন এবং আলমসাধু আরোহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে আলমসাধুটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘাতক বাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
আহত আলমসাধু চালক আব্দুল্লাহ বলেন, আমি সকালে ভাংড়ি মালামাল নিয়ে জীবননগরে আসি এবং জীবননগরে বাবুর ভাংড়ির দোকানে মালামাল দিয়ে বাড়ি ফেরার পথে জয়রামপুরের আলমসাধু চালক আমার পূর্ব পরিচিত জুয়েল জীবননগর থেকে আমার গাড়িতে উঠে আমরা গাড়ির ডান পাশে বসে। আমরা মনোহরপুর বয়ারগাড়ী পৌঁছালে দ্রুতগতিতে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লোকাল বাস একটা অটোভ্যানকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়িতে ধাক্কা দেয়। এসময় আমি ছিটকে পড়ে যায় এবং জ্ঞান ফিরে শুনতে পায় জুয়েল মারা গিয়েছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, আহতদের মধ্যে আলমসাধু চালক আব্দুলাহর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয় ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, সড়কে দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয় এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পালিয়ে যাওয়া বাস চালকের যত দ্রুত সম্ভব আটকের চেষ্টা করছি। তাছাড়া মরদেহটি চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।
