ছবির ক্যাপশন:
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: জীবননগর শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের আগাম আভাষ ইতোমধ্যেই সাধারণ মানুষ অনুভব করছে। আর শীত শুরু হতে না হতেই কৃষকরা বিভিন্ন শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। ভোর হতে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে সবজি চাষের জমি তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সরেজমিনে দেখা গেছে, উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া, যাদবপুর, বেনীপুর, গঙ্গাদাশপুর গ্রামের মাঠে ফুলকপি, পাতা কপি, টমেটো, লালশাক, পালনশাকসহ বিভিন্ন ধরনের সবজির চারা রোপন করছে চাষীরা। কথা হয় সবজি চাষী শরিফুল ইসলামের সাথে, তিনি বলেন- প্রতি বছরেই তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন। এ বছরেও তিনি ৩ বিঘা জমিতে কপি ও টমেটোর চারা রোপন করছে। তিনি বলেন, ধান ও অনান্য চাষের তুলনায় সবজি চাষে একটু খরচ কম হলেও এ চাষে পরিশ্রম করতে হয় বেশি। তবে ফসল ভালো হলে সবজি চাষে অনেক বেশি লাভবান হওয়া যায়। একই উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের সবজি চাষী জসিম উদ্দিন জানান, প্রতি বছরের ন্যায় এ বছরেও তিনি ৫ বিঘা জমিতে শীতকালীন সবজি হিসাবে বেগুন, ঝাল ও সিম চাষ করছেন। ইতোমধ্যে তিনি ঝাল ও সিম বাজারজাত করেছেন বলে জানান। তবে গত দুই দিন আগে বৃষ্টির কারণে সিমে একটু সমস্যা দেখা দিয়েছে। তিনি আরো বলেন, বর্তমান বাজার সবজি চাষের জন্য একটা উপযোগী বাজার তবে যদি বাজারটি এভাবে থাকে তাহলে সবজি চাষে সাধারণ কৃষকরা লাভবান হবে ধারণা করছেন কৃষকরা। এ ব্যাপারে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষ শুরু করেছে। এ জন্য কৃষি বিভাগ থেকে উপজেলার কৃষকদের গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য প্রশিক্ষণ দেয়া ছাড়াও কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করে চলেছে।
