ছবির ক্যাপশন:
নৃত্যশিল্পী লায়লা হাসান আজ শিশু-কিশোরদের প্রশিক্ষণ দিবেন
নিজস্ব প্রতিবেদক: দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর। শিশু-কিশোরদের অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী কাজ করে যাচ্ছে খেলাঘর। কেন্দ্রীয় খেলাঘর আসরের আয়োজনে দৈনিক সময়ের সমীকরণ, বিগ বাজার ও অংকুর ক্রাফট এর সহযোগীতায় চুয়াডাঙ্গায় গতকাল শুক্রবার সকাল ৯টায় খেলাঘর খুলনা বিভাগের প্রশিক্ষণ ক্যাম্প-২০১৮’র উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
উদ্বোধনী অনুষ্ঠানে খেলাঘর চুয়াডাঙ্গার আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিশু সংগঠক ও প্রথিতযশা চিকিৎসক ড. মো. আবু সাঈদ, প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক ম-লীর সদস্য তৈাহিদ রিপন, আবৃত্তিকার মিজানুর রহমান ডাবলু, সদস্য আহসান হাবিব খান রিপন, বাদল রায়, শাহিন আক্তার, খোন্দকার আশরাফুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য পাবনা জেলা খেলাঘরের সভাপতি হাসানুজ্জমান হাসান ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগের সমন্বয়ক শরিফুল ইসলাম সেলিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন খেলাঘর খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্পের আহ্বায়ক কাজল মাহমুদ।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চুয়াডাঙ্গা ফিরোজা রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় সরকারি আদর্শ মহিলা কলেজে এসে শেষ হয়। পরে, নাচ, গান, আবৃত্তি, চারু ও কারুসহ মোট পাচঁটি বিষয়ে শিশু-কিশোরদের প্রশিক্ষণ শুরু হয় কলেজ প্রাঙ্গনে এবং খুলনা বিভাগের ১০ জেলার ৩০টিরও অধিক খেলাঘর শাখা আসরের সংগঠকদের সাংগঠনিক প্রশিক্ষণ শুরু হয় চুয়াডাঙ্গা মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সেন্টারে। উভয় প্রশিক্ষণই দুই দিনব্যাপী চলবে। আজ শিশু-কিশোরদের ক্যাম্পে নৃত্যের প্রশিক্ষণ দেবেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, মুক্তিযোদ্ধা, অভিনেতা, শিশু সংগঠক একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য নৃত্যশিল্পী লায়লা হাসান।
দুই দিনব্যাপি খেলাঘর খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্প শেষে আজ ১৩ অক্টোবর শনিবার চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, মুক্তিযোদ্ধা, অভিনেতা, শিশু সংগঠক একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য নৃত্যশিল্পী লায়লা হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
