প্রাইমারী শিক্ষক নিয়োগ বিধিতে পরিবর্তন আসছে

আপলোড তারিখঃ 2018-10-13 ইং
প্রাইমারী শিক্ষক নিয়োগ বিধিতে পরিবর্তন আসছে ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: এইচএসসি পাস করেই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার দিন আর থাকছে না। প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণীতে উন্নীত করার সঙ্গে সঙ্গে এ স্তরে দক্ষ নারী শিক্ষক নিয়োগের জন্যও আসছে নতুন নিয়োগ বিধি। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে পুরুষ প্রার্থীর মতো নারীদেরও আবেদনের ন্যূনতম যোগ্যতা করা হচ্ছে স্নাতক ডিগ্রী। সহকারী শিক্ষক নিয়োগে বাধ্যতামূলক হচ্ছে ২০ শতাংশ বিজ্ঞান শিক্ষক। এছাড়া দেশের সকল প্রাথমিক বিদ্যালয় মানসম্মত, দৃষ্টিনন্দন করে তুলতেও নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রথমে ঢাকা মহানগরের প্রতিষ্ঠানকে সাজানো হলেও পর্যায়ক্রমে শিশুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে দেশের ৬৪ হাজার প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে। এই নীতিমালার আলোকে নারী-পুরুষ সবারই শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে স্নাতক বা সমমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগের বিধিমালাটি সংশোধনের প্রস্তাব পাঠিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগে। মন্ত্রিপরিষদ বিভাগ গত সপ্তাহে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় প্রস্তাবটি উপস্থাপন করলে তাতে অনুমোদন দেয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন বলেছেন, প্রস্তাবিত বিধিমালাটির অনুমোদন দেয়া হয়েছে। আগের বিধিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ন্যূনতম যোগ্যতা ছিল স্নাতক বা সমমান। আর নারীর ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা ছিল এইচএসসি বা সমমান। নতুন বিধিমালায় নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই ন্যূনতম যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হয়েছে। ২০ শতাংশ বিজ্ঞান শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হচ্ছে নতুন বিধিমালায়। এছাড়া আগামী বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাঁচ হাজার ১০৬ জন সঙ্গীত ও শরীরচর্চা বা ক্রীড়া বিষয়ের শিক্ষক নিয়োগ দেবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেই বলছেন, এমনিতেই প্রাথমিক শিক্ষক নিয়োগে এখন অনার্স ও মাস্টার্স ডিগ্রীধারীরাই বেশি আসছে। শিক্ষার মানোন্নয়নে মানসম্মত শিক্ষকের কোন বিকল্প নেই। এখন আর শিক্ষক নিয়োগে যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আগেই এর পরিবর্তন দরকার ছিল জানিয়ে কর্মকর্তারা বলেছেন, চলতি বা আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া শিক্ষক পরীক্ষায় অবশ্য বর্তমান বিধিই কার্যকর থাকবে। প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণীতে উন্নীত করার ফলে এ স্তরে দক্ষ শিক্ষক নিয়োগে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ছাড়াও বিদেশী উন্নয়ন সংস্থাগুলোও তাগাদা দিয়ে আসছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)