ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার খয়েরহুদায় দু’সন্তানের জননী ববি খাতুন (৩০) নামের এক মধ্যবয়সী নারী আগুনে দগ্ধ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করেন। আহত ববি খাতুন জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের রুহুল আমীনের স্ত্রী। তবে এ বিষয়ে পরিবারের সদস্যরা কোন মুখ খোলেনি। এতে রহস্যের দানা বাধে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে দু’সন্তানের জননী ববি খাতুন কোন এক বিষয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করে। তবে কেউ আগুন ধরিয়ে দিল নাকি নিজের শরীরে নিজের আগুনে দগ্ধ হলো এটা এখনো অস্পষ্ট। গতকাল রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ববি খাতুনকে ভর্তি করেন তার স্বামী রুহুল আমীন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ববি খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে রেফার্ড করেন। চিকিৎসক বলেন, ববি খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৬০ শতাংশ আগুনে পুড়ে গেছে। গলা থেকে নাভি পর্যন্ত পুড়ে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে। এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত রাতেই আহত ববি খাতুনকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেন।
