ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় বিয়ে বাড়িতে এক মেয়েকে ভিডিও করার অভিযোগে মাসুদ রানা (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে বখাটেরা। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুদ রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শান্তিপাড়ার স্কুলমোড়ে এ ঘটনা ঘটে। আহত যুবক মাসুদ রানা চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের ওহিদুল বিশ্বাসের ছেলে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক করতে সক্ষম হয়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার স্কুলমোড়ে একটি বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজনা হচ্ছিল। এই উপলক্ষে চুয়াডাঙ্গা একটি ড্যান্সপার্টির সাথে বিয়ে বাড়িতে আসে মাসুদ রানা। পরে তন্নি নামের এক মেয়েকে মোবাইলে ভিডিও করার অভিযোগে মাসুদ রানাকে মারধর করে কয়েকজন যুবক। পরে ধারালো অস্ত্র দিয়ে মাসুদকে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। স্থানীয়রা আহত মাসুদ রানাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম ঘটনাস্থল পরিদর্শন করেন। আবু সায়েম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করি। তবে এ ঘটনায় কোন উল্লেখযোগ্য সূত্র পাওয়া যাচ্ছে না অভিযুক্ত মাসুদ স্থানীয় না হওয়ার কারনে। তবে লোকমুখে শুনেছি তন্নি নামের এক মেয়েকে মোবাইলে ভিডিও করার অভিযোগে ছিল তার বিরুদ্ধে। বিভিন্নজন বিভিন্ন কথা বলাই এখনো অস্পষ্ট ঘটনাটি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি। তিনি আরো বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় অভিযোগ করেনি আহতের পরিবার। এদিকে মাসুদ রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
