জীবননগর অফিস: জীবননগরে চাঁদার টাকা না দেয়ায় অসহায় দিনমজুর ভ্যানচালকে প্রকাশ্যে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক মাদকব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল রোববার বিকাল ৩টার দিকে উপজেলার উথলী মোড়ে এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালক অভিযোগ করে বলেন, আমি একজন দিনমজুর, ভ্যান চালিয়ে কোনরকম আমার সংসার চলে। কিন্তু উথলী আমতলাপাড়ার মৃত আলিহীমের ছেলে আজিজুল (৫০), রবিউল ইসলাম (৩৫) এবং একতারপুর গ্রামের আব্দুস সাত্তার (৬০) মিলে এলাকার বিভিন্ন অটোভ্যান চালকদের নিকট থেকে প্রতিনিয়ত জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। গতকাল রোববার বিকালের দিকে আমি ও আমার প্রতিবেশী অটোভ্যানচালক রফিকুল ইসলাম এক সঙ্গে উথলী মোড় থেকে বাড়িতে যাওয়ার পথে ৫শ’ টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আজিজুল আমাকে গালিগালাজসহ মারধর করতে থাকে। শুধু তাই নয় তারা দলবল মিলে অটোভ্যানটি জোরপূর্বক কেড়ে নেয়। এসময় আমি প্রাণ বাচাঁতে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে আজিজুলের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার ফোনটি রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উথলী ভ্যানচালক সমিতির সভাপতি কফিল উদ্দিনের সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটিও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে জীবননগর থানার (ওসি) শেখ গনির সাথে কথা বললে তিনি বলেন, উথলী গ্রামে ভ্যানচালকদের মধ্যে যে ঘটনা ঘটেছে সে বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।
