ছবির ক্যাপশন:
ফেনসিডিলসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে দুই নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া বটতলা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের শরীরে বিশেষ কায়দায় রাখা ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারি দল। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃত দুই নারী মাদকব্যবসায়ী হল- চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের ছুরাতন খাতুন ওরফে ইছমোতারা (৩০) ও হীরা খাতুন (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর ক্যাম্প পুলিশের এসআই আহসানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া বটতলা নামক স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাঙ্গিয়ারপোতা গ্রামের বাহার আলীর স্ত্রী ইছমোতারা ওরফে ছুরাতন খাতুনসহ একই এলাকার লিমনের স্ত্রী হীরাকে আটক করেন। এসময় আটককৃত দু’মহিলা মাদকব্যবসায়ীর শরীরে বিশেষ কায়দায় রাখা ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে আটক দু’মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকালই তাদের আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
তবে আটক দু’ মহিলার ফেনসিডিল বহনের ধরণ দেখে বোঝার উপায় নেই প্রকৃত মাদকব্যবসায়ী কারা। ভদ্রবেশে ফেনসিডিল বহনের জন্য এরা বিশেষ কায়দায় প্রস্তুত ব্লাউজের স্টাইলে আলাদা একটি পোশাক তৈরি করেছে। যাতে আছে ছোট ছোট অনেক পকেট। এ ধরণের পোশাকে ১শ’ থেকে ১শ’৫০টি ফেনসিডিল অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। এদের ফেনসিডিল বহনের ধরণ দেখে পুলিশ সাংবাদিক হতবাক হয়ে যায়।
