মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার টিএন্ডটি মিলের মিটার তৈরীর কারখানায় বায়ু দুষনে শ্বাসকষ্টে ৯ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর হাসপাতাল ভর্তি করা হয়েছে। গত রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার খালিশপুর-জীবননগর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত টিএন্ডটি মিলের ইকোব্লকের মিটার তৈরীর ডে শিফ্টে কর্মরত মহিলা ও পুরুষ শ্রমিকরা কাজ করাকালীন গত ২৭ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১০-১২ জন শ্রমিক বায়ু দূষনে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে কোটচাঁদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মিটার ব্লকের এমডি বিপ্লব হোসেন জানান, গত ২৭ সেপ্টেম্বর ডে শিফটে কাজ করাকালীন একজন শ্বাসকষ্টে অসুস্থ হয়, ২৯ সেপ্টেম্বর দুপুরে আবারও দু’জন শ্বাসকষ্ট হয়ে অসুস্থ হয়। একইভাবে গত রবিবার আরো ৭ জন অসুস্থ হয়। তিনি আরো বলেন, মিটার ব্লকে কোন বায়ু দূষন হয়নি, তারা হিস্টোরিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে। তাদের চিকিৎসার ব্যয়ভার মিল কর্তৃপক্ষই করছে। এদিকে, এতগুলো শ্রমিক অসুস্থ হওয়ায় মিটার তৈরী করাসহ মিটার ব্লকের সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে।
