ছবির ক্যাপশন:
নাশকতা পরিকল্পনার সময় দামুড়হুদায় পুলিশি অভিযান
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নাশকতার পরিকল্পনার সময় অভিযান চালিয়ে শিবিরের ৯ নেতাকর্মিকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ১০টি ককটেল ও চাঁদা আদায়ের রশিদ।
পুলিশ জানায়, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের একটি ভবনে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা শরিফুল আলম মিল্টন শিবিরের একদল নেতাকর্মিকে নিয়ে নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই আমজাদ হোসেনের, সেকেন্ড অফিসার এসআই রাজিব আল রশিদ, এসআই কামরুল হাসান, এসআই কাজী শামসুল আলম ও এএসআই এসআই কামরুজ্জামান বকুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যানসহ ১০/১৫ জন পালিয়ে গেলেও আটক করা হয় শিবিরের ৯ নেতাকর্মিকে। এসময় উদ্ধার করা হয় ১০টি ককটেল ও চাঁদা আদায়ের রশিদ।
আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের জুলহকের ছেলে দরুদ আলী (১৯) ও হাসান আলী (১৮), একই গ্রামের আব্দুল গনির ছেলে মোমিনুল ইসলাম (২২), শামসুল হকের ছেলে তরিকুল ইসলাম (২০) ও আলমগীর হোসেন (১৮), মোহাম্মদ আলীর ছেলে মুসা করিম (১৮), নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (১৯), মোক্তারপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আব্দুস সামাদ (২৪) এবং একই গ্রামের আশাদুল হকের ছেলে শামিম রেজা (২৪)। এ ব্যাপারে এস আই আমজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং-৩০ তারিখ ১৮.০৯.১৮। আজ বুধবার আটককৃতদেরকে আদালতে সোর্পদ করা হবে বলে জানান দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।
