ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে উদ্বোধন হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)। উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা সদর উপজেলা ২-০ গোলে আলমডাঙ্গা উপজেলা দলকে হারিয়ে শুভ সূচনা করেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের উদ্বোধক জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও বিশেষ অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুবুর রহমান (পিপিএম) ক্রীড়া পতাকা উত্তোলন করেন। এ সময় চারটি উপজেলার পতাকা ও চুয়াডাঙ্গা সদর পৌরসভাসহ ৫টি ভিন্ন ভিন্ন রঙের পতাকা উত্তোলন করেন দলগুলোর প্রতিনিধিরা। চুয়াডাঙ্গা সদর উপজেলা দলের পতাকা উত্তোলন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী এবং আলমডাঙ্গা উপজেলা দলের পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান।
পতাকা উত্তোলনের পর প্রধান অতিথি মশাল প্রজ্জ্বলন করে একজন তরুণ ফুটবলার রিন্টুর হাতে দিলে সে ফুটবল মাঠের চর্তুদিক মশাল নিয়ে দৌঁড়িয়ে মাঠ প্রদক্ষিন করে। মশাল দৌঁড় শেষে অতিথিরা ও উদ্বোধনী ম্যাচে অংশগ্রহনকারী চুয়াডাঙ্গা সদর উপজেলা দল এবং আলমডাঙ্গা উপজেলা দলের সকল খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে সেন্টার আর্কে অবস্থান করে। সেখানে রঙ্গিন বেলুনে মোড়া টুর্নামেন্টের নাম খচিত ফলক উড্ডয়ন করেন অতিথিগণ। এরপর খেলোয়াড় ও রেফারীদের সাথে করমর্দন করে উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সর্বশেষ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুটবলে কিক অফ করে আনুষ্ঠানিকতা শেষ করেন।
এরপর শুরু হয় রেফারীর লম্বা বাঁশিতে জমজমাট উদ্বোধনী ম্যাচ। খেলার ২৪ মিনিটে ইব্রাহিম ও ৬৫ মিনিটে পারভেজ গোল করে চুয়াডাঙ্গা সদর উপজেলা দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেয়। আলমডাঙ্গা উপজেলা দল একাধিক আক্রমন করেও শেষ পর্যন্ত গোলের দেখা না পাওয়ায় ২-০ ব্যবধানে পরাজিত হয়। আলমডাঙ্গা উপজেলা দলের এ পরাজয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হওয়ার গৌরব অর্জন করে। উদ্বোধনী খেলায় জয়লাভ করায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে ধন্যবাদ জানিয়েছেন। সদর উপজেলা দলের কোচের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা দলের সাবেক কৃতি ফুটবলার হাফিজুর রহমান লিটন ও ম্যানেজার ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষ্যাধ্যক্ষ চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের কেন্দ্র ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মো. সাঈদ, সাবেক অধ্যক্ষ এসএম ইসরাফিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, জেলা ক্রীড়া অফিসার নরেন গাইন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহম্মেদসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও জেলা ক্রীড়া সংস্থার নিবার্হী সদস্যগণ।
আজ অনুষ্ঠিত হবে হবে জীবননগর উপজেলা দল ও চুয়াডাঙ্গা পৌরসভার মধ্যেকার খেলা। বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে খেলাটি। গতকালের খেলাটি পরিচালনা করেন মাসুদুর রহমান খোকন, রেজাউল হক রিজু, লিটা হক ও ইকতিয়ার আহম্মেদ।
