ছবির ক্যাপশন:
ভুক্তভোগির জীবননগর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি
জীবননগর অফিস: জীবননগরে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধাঁরে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ নিধন করে ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চাকলা গ্রামের স্থানীয় ইউপি সদস্য জিসান আহমেদ মানিকের পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। ভুক্তভোগী ইউপি সদস্য মানিক জানান, চাকলা গ্রামের আবুল কাসেমের ছেলে নজরুল ইসলাম সম্প্রতি রায়পুর ইউপি নির্বাচনে আমার বিরুদ্ধে মেম্বার পদে পরাজিত হয়ে পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার দিবাগত গভীর রাতে একই গ্রামের নাজমুল হকের ছেলে সোহাগ, রোস্তম আলীর ছেলে আব্দুল খালেক ও আমির হোসেন ঢালীর ছেলে নজরুলকে সাথে নিয়ে আমার পুকুরে বিষ প্রয়োগ করে। মনোসেক্স, রুই, কাতলা, সিলভার, পাঙ্গাসসহ দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ মণ মাছ এতে মারা যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত নজরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া সাংবাদিকদের জানান, এখনো পর্যন্ত পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগি মানিক মেম্বর জীবননগর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছিলেন।
